26 December, 2025
0 Comments
2 categories
পেঁচারা ছেড়ে এসে রাত্রির কবন্ধ আঁধার,
অধিক আঁধারতর আশ্রয় খুজে নেয়
আমার অলিন্দে
নিলয়ে
ও তার নিরুদ্দেশ শিরায় -উপশিরায়।
রাতময় তাদের নীরিহ সহাবস্থান -
পায়চারী,
মাঝে মাঝে নির্বাক ঠোঁটে
কি খোটে আমার ভালভে-
আমার নিশঃব্দ শিশুটির মত,
ওখানে নেই কিছু অবশিষ্ট বলি আমি
হয়ত পেতে পার সিদ্ধার্থের নিগূঢ় নিস্পৃহতা, ব্যর্থ নির্বাণ।
কামনার জলপাই মরণাস্ত্র।
স্মৃতির পাশেই পাবে
সেই কবে ছেড়ে যাওয়া তার
বিস্মৃত অববাহিকা-
দাবানলে পুড়ে যাওয়া মনভূমি!
একটি প্রৌঢ় পেঁচা নীরবতা ভাংগে।
ক্রমশ রং বদলায় গিরিগিটী রাত
পেঁচারা অস্থির হয়
আলোরা পাখা ঝাপ্টায়!
আর আমি ঈশ্বরের বিস্ময়ে,
দেহ-লোভী পূণ্যার্থীদের বিপরীতে -
আরেকটি ভুল জীবনের প্রার্থনায়,
পোষা ছায়া সাথে নিয়ে চৌকাঠ পেরোই!
Category: কবিতা, নির্বাচিত লেখা